Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপ ২০২৫ / আর্জেন্টাইন ডিফেন্ডারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ রুডিগারের

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৫ ১৩:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাচুকার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জয়ের এই আনন্দের মাঝেই অবশ্য ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। রিয়াল ডিফেন্ডার আন্তোনিও রুডিগার অভিযোগ করেছেন, পাচুকার ডিফেন্ডার গুস্তাভো কাব্রাল তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছেন।

ম্যাচের শেষপ্রান্তে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে রুডিগার ও কাব্রালের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেটা এক পর্যায়ে রূপ নেয় ধাক্কাধাক্কিতে। রেফারি রামন আবাতির হস্তক্ষেপে মিটমাট হলেও রুডিগার করে বসেন বড় এক অভিযোগ।

রুডিগার রেফারিকে জানান, কাব্রাল তাকে উদ্দেশ্য করে বুকে এক্স আকৃতির ক্রস একে দেখিয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী এটি বর্ণবাদী ইঙ্গিতের মধ্যে পড়ে।

বিজ্ঞাপন

এমন ঘটনায় রিয়াল কোচ জাভি আলোনসো বলেন, ‘রুডিডার আমাদের জানিয়েছে যে কাব্রাল তাকে কী বলেছে। আমরা রুডিগারকে বিশ্বাস করি। এমন আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। ফিফার প্রটোকল অনুযায়ী তদন্ত হওয়া দরকার।’

যাকে নিয়ে এত অভিযোগ, সেই কাব্রাল অবশ্য ব্যাপারটি পুরোপুরি অস্বীকার করেছেন। তবে কাব্রাল জানান, বর্ণবাদী মন্তব্য না করলেও রুডিগারকে কাপুরুষ বলেছেন তিনি। এটা আর্জেন্টাইন ফুটবলে খুব স্বাভাবিক ঘটনা বলেই জানান কাব্রাল।

দোষী প্রমাণিত হলে বেশ কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন কাব্রাল, গুণতে হতে পারে বড় অংকের জরিমানাও।

সারাবাংলা/এফএম