Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগ ও তার দোসরদের যেকোনো উদ্যোগ থামাতে হবে: রাশেদ খান

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ০৯:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আওয়ামী লীগ ও তার দোসরদের যেকোনো উদ্যোগকে থামিয়ে দিতে হবে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে ‘রিফাইন্ড জাপা’ গঠনের উদ্যোগকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন রাশেদ খান।

রাশেদ খানের ফেসবুক পোস্ট।

রাশেদ খান বলেন, ‘জাপার কো-চেয়ারম্যান ও হাসিনার ডামি সংসদের ডামি বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এবার ‘refined জাপা’ তৈরির উদ্যোগ নিয়েছেন। কিন্তু এ দেশের জনগণ যেমনিভাবে refined আওয়ামী লীগকে বয়কট করেছে, refined জাপাকেও বয়কট করবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় পার্টির প্রতি সরকারের নমনীয়তার সুযোগে দলটির নেতারা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আগামীর রাজনীতিতে সুবিধা করতে না পারায় জাপাকে পুনর্গঠনের নামে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রাশেদ খান আরও বলেন, ‘আওয়ামী লীগ প্রকাশ্যে পলিটিক্স করতে না পেরে এসব দলে ঢুকছে। তাই আওয়ামী লীগ ও তার দোসরদের যেকোনো উদ্যোগকে থামিয়ে দিতে হবে। সরকার ও প্রশাসনকে এ বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর যদি আবার ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হয়, তবে তা হবে গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি।’

তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিদ্যমান পরিস্থিতিতে জাপার ভূমিকা ও সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সারাবাংলা/এফএন/এনজে