Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজয়ের আরেকটি ডাক, প্রথম সেশনে বাংলাদেশের মন্থর ব্যাটিং

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৫ ১২:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গল টেস্টের প্রথম ইনিংসে ফিরেছিলেন শূন্য রানে, দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪। এনামুল হক বিজয় এবারও ক্রিজে নেমে হতাশ করলেন। কলম্বোতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে আবারও ডাক মেরেছেন বিজয়। শ্রীলংকার বিপক্ষে প্রথম সেশনে বেশ মন্থর ব্যাটিং করেছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। বিজয়ের পর ফিরেছেন মোমিনুলও। লাঞ্চ পর্যন্ত দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭১ রান। ক্রিজে আছেন সাদমান-শান্ত জুটি।

কলম্বোতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। দিনের শুরুতেই জীবন পেয়েছিলেন বিজয়। শূন্য রানে তার ক্যাচ ছেড়েছেন কুশল মেন্ডিস।

তবে জীবন পেয়েও আজ রানের খাতা খুলতে পারেননি বিজয়। আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরেছেন বিজয়।

বিজ্ঞাপন

বিজয় ফেরার পর প্রাথমিক ধাক্কা সামলে জুটি গড়েছিলেন সাদমান-মোমিনুল। তবে সেই জুটি খুব বেশিদূর যেতে পারেনি। ২১ রান করা মোমিনুল আউট হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভার বলে। রত্নায়েকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলের স্কোর তখন ৪৩।

সেশনের পুরোটা জুড়েই মন্থর গতিতে ব্যাটিং করেছে বাংলাদেশ। লাঞ্চের আগ পর্যন্ত আর বিপদ হতে দেননি সাদমান ও শান্ত। লংকান বোলারদের ঠিকঠাকভাবেই সামলেছেন দুজন। প্রথম সেশন শেষে ৪৩ রানে অপরাজিত আছেন সাদমান, ৭ রানে তার সঙ্গী শান্ত।

সারাবাংলা/এফএম