Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ০৯:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) ভোররাত সারে ৩টার দিকে ঢাকামুখী একটি চলন্ত ট্রাকের পেছনে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রাক ও বাস উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা সড়কদ্বীপের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠায়। ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ২জনের মৃত্যু হয়। এতে মোট ৪ জন নিহত হয়।

বিজ্ঞাপন

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যশোর থেকে ঢাকাগামী একটি নাইট কোচ, হামদান এক্সপ্রেস, চলমান একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। প্রথম ধাক্কায় বাস ও ট্রাক দুটোই নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ে আলাদাভাবে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও দুইজন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে।

নিহারা হলেন, যশোরের জালাল উদ্দিন (৬৫), ও জিল্লুর রহমান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসের যাত্রী ডা. আব্দুল হালিম ও ট্রাকের হেলপার হাসিব।

হাসানরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। গাড়ি দুটি আটক করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো