।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
যশোর: যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমানের দুই পাইলটের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- স্কোয়াড্রন লিডার মো. সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ। মধ্য রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে দুই পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
রোববার (১ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। প্রথমে বিরূপ আবহাওয়া ও রাতের কারণে বিমানটির প্রকৃত অবস্থান জানা যায়নি। বিমান উদ্ধারে তৎপরতা চলছে।
যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান জানান, রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে পড়ে যায়। বিমানটিতে দু’জন পাইলট ছিলেন। তারা নিহত হয়েছেন।
আইএসপিআর এর সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, নৈশ মহড়ার অংশ হিসেবে স্কোয়াড্রন লিডার সিরাজুল ও এনায়েত বিএএফ ঘাঁটি মতিউর রহমান থেকে কে-এইটডাব্লিউ বিমানটি নিয়ে উড়াল দিয়েছিলেন। কী কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ল, তা জানা যায়নি। তবে ঘটনাটি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
সারাবাংলা/এমও