Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গণঅভ্যূত্থানে অংশ নেওয়া সকল দলকে এক হয়ে ফ্যাসিবাদ রুখতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুলাই ২০২৫ ১৮:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: ‘২০২৪ এর গণ অভ্যূত্থানে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে এক হয়ে ফ্যাসিবাদকে রুখে দিতে হবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (১৯ জুলাই) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধানের হাট এলাকায় জুলাই গণঅভ্যূত্থানে নিহত পঞ্চগড়ের প্রথম শহিদ আবু ছায়েদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি ফ্যাসিষ্টের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে সকল দলকে একত্রিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান। সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য না করার অনুরোধও জানান তিনি।

শহিদ আবু ছায়েদের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে শহিদ আবু ছায়েদের মৃত্যু হয়েছে। আবু ছায়েদ যখন পুলিশের গুলিতে শহিদ হন তখন আমি ঢাকায় অবস্থান করছিলাম। মারা যাওয়ার পর তার লাশ খুঁজে বের করে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে আমরা নিশ্চিত হই তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে। তখন আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে তার লাশ এলাকায় নিয়ে আসি। লাশ আনার পরে এলাকার লোকজন জানাজা ও দাফন করতেও বাধা দেন। পরে অল্প সময়ের মধ্যে জানাজা পড়ে তাকে দাফন করা হয়। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মরদেহ দাফনে বাঁধা দেয়। বিএনপির নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জানাজা সম্পন্ন করে তাকে দাফন করেন।’

এতে আবু ছায়েদের ছেলে মামুন ইসলাম বক্তব্য দেন। এ সময় শহিদ আবু ছায়েদের স্ত্রী মাজেদা খাতুন, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রধান, মাড়েয়া বামনহাট ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো