ঢাকা: যারা বলে ‘গণহত্যাকারীদের বিচার বিএনপি করবে না’ তারা মতলবাজ— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘ভোটাধিকার প্রতিষ্ঠাই জুলাইয়ের অঙ্গীকার’ শীর্ষক এই আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সুতরাং আমরা দায়িত্ব পেলে এই অপরাধীদের বিচার বিলম্বিত হবে কিংবা কোনোভাবে বিঘ্নিত হবে, এটা যারা বলে তারা মূর্খ ছাড়া কিছুই না। তারা মতলববাজ। তাদের এই বক্তব্যের পেছনে কোনো সৎ যুক্তি থাকতে পারে না। আমাদের চেয়ে বেশি বিচার কেউ চায় না। আমরা সবচেয়ে বেশি খুশি হব তাদের বিচার করলে। আমরা চাই গণহত্যাকারী ফ্যাসিস্টদের সুবিচার হোক, কিন্তু বিলম্বিত বিচার না।’
তিনি বলেন, ‘এত স্পষ্ট এদের অপরাধ, এত স্পষ্ট প্রমাণ এদের বিরুদ্ধে যে, তাদের সাজা হবে, হওয়া উচিতও। এটা আমাদের বড় দাবিও।’
নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের জনগণের একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সেটা পূরণের জন্য নির্বাচন বিলম্ব করবেন কেন? না করা উচিত? আমরা মনে করি যে, দেশে একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ অলরেডি তৈরি হয়েছে। নির্বাচন কমিশন বলেছে যে, তারা ভোটার তালিকা করে ফেলেছে। এমনকি আমাদের প্রবাসী যারা আছেন তাদের ভোটার করার চেষ্টা করছে। ভোট দেওয়ার জন্য এলাকা নির্ধারণের বিধান আছে সেটাও তারা করেছে এবং আগামী ১০ তারিখের মধ্যে কোনো অভিযোগ থাকলে জানাতে বলেছেন। এই মাসের মধ্যে এই সীমানা নির্ধারণের কাজটা শেষ হবে বলে আমরা আশা করি।’
তিনি বলেন, ‘সংস্কার কমিশনের কাজ জাতীয় ঐক্যমত্য কমিশন, সেটারও কাজ প্রায় শেষ। এমনকি জুলাই সনদে যে ড্রাফট আমাদের কাছে পাঠানো হয়েছে আমরা তাতে কিছু ভাষা প্রয়োগে ক্রটি, বাক্য গঠনে যে ক্রটি কিংবা শব্দ আরও সঠিক শব্দ হতে পারে, এ ছাড়া আর কোনো পরিবর্তনের প্রস্তাব আমরা করি নাই, আমরা একমত হয়েছি। এমনকি সেই সনদে এমন প্রতিশ্রুতির কথাও লেখা আছে- রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর করে বলব যে, এই সনদে যা লেখা থাকবে, এটা যেই আমরা নির্বাচিত হই সেটা বাস্তবায়ন করব, আমরা রাজি হয়েছি। তাহলে নির্বাচনের বিলম্ব কেন? নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে।’
বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম সারোয়ার, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, লেবার পার্টির জহুরা খাতুন জুই, আলাউদ্দিন আলী, যুগ্ম মহাসচিব আব্দুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, তরিকুল ইসলাম সাদীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।