।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাময়িক বরখাস্ত থাকা সার্ভেয়ার মো. মাছুম বিল্লার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৪ জুলাই) ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে এ চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।
গত মঙ্গলবার (৩ জুলাই) সংশিষ্ট আদালতের জিআর শাখায় দুদকের তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী চার্জশিটি দাখিল করেন। মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১৭ এপ্রিল সার্ভেয়ার মো. মাছুম বিল্লার বিরুদ্ধে সুনির্দিষ্ট অবৈধ সম্পদ অর্জনের তথ্যের ভিত্তিতে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। ওই নোটিশ পাওয়ার পরে মাছুম বিল্লার ওই বছরের ২৩ এপ্রিল দুদকের সচিব বরাবর সম্পদ বিবরণী দাখিল করেন।
দাখিলকৃত সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা যায়, ৩ লাখ ৯৩ হাজার ৮১৪ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক কোটি ১৭ লাখ ৯২ হাজার ৫৬৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। ওই ঘটনায় রমনা মডেল থানায় দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেছিলেন।
সারাবাংলা/এআই/এমও