।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ঝিনাইদহ: ঝিনাইদহে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাজ্জাদুল ইসলাম ও আবদুর রাজ্জাক নামে দুজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
শনিবার (৭ জুলাই) রাত সোয়া ১টার দিকে শহরের পবহাটী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহ সদরের বাঘাযতিন গ্রামের সাজ্জাদুল ইসলাম ও উদয়পুর গ্রামের আবদুর রাজ্জাক।
র্যাব-৬ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, টহল চলাকালে মোটরসাইকেলে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল দিয়ে গেলে র্যাব সদস্যরা ধাওয়া করে। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে আহত হন মাদক ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। রাতেই দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল, ৫৫ বোতল ফেনসিডিল, ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুই রাউন্ড গুলিসহ দুইটি শুটারগান। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুইজন সদস্য। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান এএসপি গোলাম মোর্শেদ।
সারাবাংলা/এমএইচ