Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার্ভার জটিলতায় বেতন হয়নি কুড়িগ্রামের ১১ সরকারি দপ্তরে


৯ জুলাই ২০১৮ ০৯:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। জাহিদুল ইসলাম, ডিস্ট্রিক করেসপন্ডেন্ট ।।

কুড়িগ্রাম: সার্ভার জটিলতার কারণে বেতন পাননি কুড়িগ্রামের ৯ উপজেলার ১১টি সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বিগত জুন মাসের বেতন জুলাই মাসের ৮ তারিখেও ছাড় না দেওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়েছেন তারা। যে বিভাগগুলো বেতন ভাতা পাননি তাদের মধ্যে রয়েছে- শিক্ষা, ভূমি, পুলিশ, স্বাস্থ্য, ফায়ার সার্ভিস, পৌরসভা, ঠিকাদারদের জামানত ইত্যাদি।

জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, মহাহিসাব রক্ষণ বিভাগের ট্রেজারি সংক্রান্ত লেনদেন ১৩ ডিজিটে করা হতো। কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তা পরিবর্তন করে ৫৬ ডিজিট চালু করা হয়েছে। এজন্য সার্ভারে সমস্যা হওয়ার কারণে বিলম্ব হচ্ছে।

বিজ্ঞাপন

নাগেশ্বরী উপজেলার সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম জানান, ৭দিন আগে বিল জমা দিয়েও আজও পাইনি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নির্মলেন্দু রায় মানিক বলেন, ‘নিয়ম অনুযায়ী মাসের ১/২তারিখে মাসিক বেতন পেতাম কিন্তু ৮দিন পেরিয়ে গেলেও বেতন পাইনি। ফলে গরীর কনেস্টবল ও কর্মচারীরা খুবই অসুবিধায় পড়েছে।’

ভিতরবন্দ পল্লীস্বাস্থ্য কেন্দ্রের ডা. আব্দুল জলিল বলেন, ‘বেতন না পাওয়ায় আমার অফিসের পিয়ন মহসীন আলীকে রোববার ১ হাজার টাকা ধার দিতে হয়েছে।’

এলজিইডি ঠিকাদার শফিউল আলম জানান, জামানত ফেরত নিতে ট্রেজারি অফিসে গেলে হিসাবরক্ষণ অফিসের অডিটর বলেছেন, ট্রেজারি বিভাগের সার্ভেয়ারে জটিলতা দেখা দেওয়ায় জামানতসহ ১১টি সরকারি দপ্তরের টাকা ছাড় করা যাচ্ছে না।

নাগেশ্বরী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ছাইদুল হক বলেন, ‘চলতি অর্থবছরে মহাহিসাব রক্ষণ বিভাগের ট্রেজারি সংক্রান্ত লেনদেন ১৩ডিজিটে করা হতো। এবার তা পরিবর্তন করে ৫৬ডিজিট চালু করা হয়েছে। এ কারণে সার্ভেয়ারে সব বিভাগের কোর্ড আসছে না। সার্ভারের কাজ চলছে।’

জেলা হিসাররক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ২০১৮-২০১৯ অর্থ বছরে লেনদেনের জন্য নতুন ডিজিট চালু করতে সার্ভারের কাজ করা হয়েছে। এজন্যই একটু বিলম্ব হয়েছে। এ অবস্থা শুধু কুড়িগ্রাম জেলার নয়, সারা দেশের। তবে সার্ভার এখন ঠিক হয়েছে। বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অর্থ ছাড় দেওয়া শুরু হচ্ছে।

সারাবাংলা/এমও