Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে ৯ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৫ ২২:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: নয় দফা দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেডের কারখানার শ্রমিকরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন, যা বিকেল ৫টা পর্যন্ত চলে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মূল ফটকের সামনে অবস্থান নেন। এর আগে কর্তৃপক্ষের কাছে ৯ দফা দাবি উপস্থাপন করলেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে দুপুরের দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

বিজ্ঞাপন

শ্রমিকদের নয় দফা দাবিসমূহ:

১. বেতন ৭ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

২. মেডিকেল ছুটি পাস করালে হাজিরা বোনাস বজায় রাখতে হবে; কোনো কর্মকর্তা নিজে থেকে এই ছুটি বাতিল করতে পারবেন না।

৩. মেডিকেলে সব ধরনের প্রয়োজনীয় ওষুধ রাখতে হবে।

৪. নাইট বিল সর্বনিম্ন ১৫০ টাকা দিতে হবে।

৫. বার্ষিক ছুটির টাকা প্রতি বছরের জানুয়ারি মাসে দিতে হবে।

৬. শ্রমিকদের নিরাপত্তার জন্য ছোট বাটন ফোন সঙ্গে আনার অনুমতি দিতে হবে।

৭. চাকরি ছাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকের পাওনা টাকা পরিশোধ করতে হবে।

৮. বিনা কারণে কোনো শ্রমিককে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।

৯. যদি কোনো শ্রমিককে বাদ দেওয়া হয়, তবে চলতি মাসের বেতনসহ তিন মাস ১৩ দিনের বেতন ও বকেয়া একসঙ্গে দিতে হবে।

এ বিষয়ে ওই কারখানার প্রশাসনিক কর্মকর্তা আওরঙ্গজেব খান বলেন, ‘গত মাসের বেতন ১৬ তারিখ দুপুর ১২টার মধ্যে পরিশোধ করা হবে। অন্যান্য দাবি-দাওয়াগুলো পর্যায়ক্রমে বিবেচনা করা হবে।’

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানান, ‘শ্রমিকরা ৯ দফা দাবিতে সকাল থেকে বিকেল পর্যন্ত কারখানার মূল ফটকের সামনে অবস্থান করেন। আমরা শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।‘

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর