Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৮:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ী উপজেলায় বিজিবির ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে এক বিজিবি সদস্য মারা গেছেন। পুলিশের ধারণা, নিজের রাইফেলের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে গংগারহাট বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মো. নাসিম উদ্দিন (২৩) ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। তিনি বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের ফুলবাড়ির গংগারহাট ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। তার সিপাহী নং- ১১৪৬০৪।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরে নিজ দায়িত্বপ্রাপ্ত অস্ত্র নেন সিপাহী নাসিম উদ্দিন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন।

গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে টেনে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফুলবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর