Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা বিশ্বকাপ ২০২৬
‘হেক্সা মিশন’ সফলে ব্রাজিলকে যে পরামর্শ দিলেন দুঙ্গা

স্পোর্টস ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১১

তার নেতৃত্বেই দুই যুগ পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ব্রাজিল। ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা দুঙ্গাও তাই মুখিয়ে আছেন সেলেসাওদের ‘মিশন হেক্সার’ সফলতা দেখতে। ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দুঙ্গা বলছেন, বিশ্বকাপ জিততে হলে দুনিয়ার বাকি সবকিছু ভুলে শুধু ফুটবলেই মন দিতে হবে।

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম অংশ নেবে ৪৮ দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এই বিশ্বকাপে থাকছে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলও। ২০০২ সালের পর থেকেই আর শিরোপার স্বাদ পায়নি বিশ্বকাপের ইতিহাসের সফলতম দলটি।

দুঙ্গা বলছেন, বিশ্বকাপের প্রস্তুতিটা সবার আগে নিতে হবে, ‘যখন একটা দেশ বিশ্বকাপ জিতে, অন্যরা যা করেনি, সেসব কাজ তারা করে বলেই জিততে পারে। অনুশীলনের আগেই আপনাকে ম্যাচে জিততে হবে, আপনার প্রস্তুতিতে, আপনার পরিকল্পনায়।’

বিজ্ঞাপন

১৯৯৪ বিশ্বকাপ জয়ের অধিনায়ক স্মৃতি হাতড়ে শোনালেন, ৩২ বছর আগে তারা কিভাবে প্রতিপক্ষদের নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলেন, ‘এখন অনেকেই বলে যে, সেই সময় আমরা (আমাদের প্রতিপক্ষদের) নিয়ে পর্যালোচনা করিনি; কিন্তু আমরা করেছিলাম। পার্থক্য শুধু, তখন বেশি সময় লেগেছিল। প্রথমে টিভির সম্প্রচারের জন্য আমাদের অপেক্ষা করতে হতো, এরপর কোচিং টিম-(প্রধান কোচ) কার্লোস আলবের্তো পারেইরা, (সহকারী কোচ) মারিও জাগালো ও (টিম ম্যানেজার) আমেরিকো ফারিয়া-প্রতিটি দলের (শক্তি-দুর্বলতা নিয়ে) তথ্য সংগ্রহ করতেন।’

দুঙ্গা আরও বলেন, ‘প্রতিপক্ষকে মূল্যায়ন করে যা শিখবেন, তা যদি মাঠে কাজে লাগানো না যায়, তাহলে এত বিশ্লেষণ করে কোনো লাভ হবে না। প্রতিদিনই উন্নতি করতে হবে। সবার জন্যই লড়াই কঠিন হবে। তবে যদি বিশ্বকাপ জিততে চান, তাহলে আপনার প্রতিটা দলকেই হারানোর সামর্থ্য থাকতে হবে।’

দুনিয়ার সবকিছু ভুলে বিশ্বকাপের দিকেই মন দেওয়ার পরামর্শ দুঙ্গার, ‘মূল কথা হলো, একটা বিশ্বকাপ জিততে হলে দলের সবাইকে এর জন্য অনেক মূল্য দেওয়ার মানসিকতা থাকতে হবে। আর ট্রফিটি উঁচিয়ে ধরার যে মূল্য চুকাতে হয়, তা অনেক; তবে এর যোগ্য। এই ৩০ দিনের জন্য আপনাকে বাকি দুনিয়াকে ভুলে যেতে হবে। অনেকের এই কথা পছন্দ হবে না, কিন্তু আপনাকে আপনার পরিবারকে ভুলে যেতে হবে, সবকিছু ভুলে যেতে হবে এবং সব ভুলে কাজে মনোযোগী হতে হবে।’

আগামী ১১ জুন পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। ১৯ জুলাই মায়ামির মেট লাইফ স্টেডিয়ামে হবে এবারের ফাইনাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর