পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিলেন্স অবজারভেশন টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, সুস্থ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয় এটি জাতির জীবনে একটি ঐতিহাসিক মাইলফলক।
নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচনের সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণ, রাজনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক শান্তি গভীরভাবে সম্পৃক্ত। পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানের বিষয়গুলোও এর সঙ্গে জড়িত। ফলে এত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ সভাপতিত্ব করেন। এতে সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।