ফরিদপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পোনে দুটায় প্রধান অতিথি হিসাবে এই মঞ্চে বক্তব্য দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় মিনিটে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিভাগীয় নির্বাচনি সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
বিভাগীয় সমাবেশে ফরিদপুর, রাজবাড়ি, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে বক্তব্য দেন ৫ জেলার নেত্রীরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে নেতাকর্মীদের। দলীয় প্রধানের প্রথমবারের মতো ফরিদপুরে আগমণে উচ্ছ্বাসিত রয়েছেন নেতাকর্মীরা। এই সমাবেশ থেকে বৃহত্তর ফরিদপুর বিভাগের ধানের শীষের ১৫ জন প্রার্থীকে সকলের মাঝে পরিচয় করিয়ে দিয়ে দিবেন।
জেলা বিএনপি সুত্রে জানা যায়, বরিশালের সমাবেশ শেষে দুপুর পৌনে দুইটায় হেলিকপ্টার যোগে শহরের নদী গবেষণা ইনস্টিটিউট মাঠে অবতরণ করবেন তারেক রহমান। এরপর সেখান থেকে গাড়ি যোগে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন।
এ সভায় বৃহত্তর ফরিদপুরের ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরিয়তপুরের নেতাকর্মীরা যোগ দেবেন। এতে দুই লাখের অধিক মানুষের সমাগম ঘটবে। এ লক্ষ্যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবেন। এছাড়া নিজস্ব দুই শতাধিক স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।
সমাবেশস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজ মাঠের একাডেমিক ভবনের সামনের অংশে মঞ্চ তৈরির করা হয়েছে। এছাড়া মাঠজুড়ে সাউন্ড সিস্টেম মাইক ও সাউন্ড বক্স বসানো হয়েছে। সেখানে ফরিদপুর বিভাগীয় বিএনপির নেতাকর্মীসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে অবস্থান করছেন।
অপরদিকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সকাল ৯টা থেকে ধাপে ধাপে মাঠ পরিদর্শন করছেন আইনশৃঙ্খলা বাহিনী।