দীর্ঘ এক মাসের রোমাঞ্চকর এক লড়াই শেষে ফাইনালে পর্দা নামছে টি-২০ বিশ্বকাপের এবারের আসরের। আজ সন্ধ্যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। কেমন হবে এবারের টি-২০ বিশ্বকাপ ফাইনালের পিচ?
আজকের ফাইনালের ভেন্যুতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও আয়োজিত হয়েছিল। সেই সময়ে কালো মাটির উইকেটে হয়েছিল ফাইনাল।
ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের মতো ফাইনালেও দেখা যেতে পারে রান উৎসব। ইএসপিএন ক্রিকইনফো বলছে, ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট থাকতে পারে সবুজের ছোঁয়া। ওয়াংখেড়েতে ছিল একই ধরনের উইকেট। লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি হবে উইকেট। তবে এতে লাল মাটির ভাগ বেশি। লাল মাটি বেশি থাকলে দুই ইনিংসেই বল সহজে ব্যাটে আসে এবং ভালো বাউন্স পাওয়া যায়।
এই পিচে তাই স্পিনারদের চেয়ে পেসাররা বেশি সুবিধা পাবেন এমম উইকেটে। সবচেয়ে বেশি সুবিধা পাবেন ব্যাটাররা। তাই ফাইনালেও দেখা যেতে পারে ২০০ রানের বেশি স্কোর।
মাঠের একটি সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘ ফাইনালের জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় দলকে মিশ্র মাটির পিচ দেওয়া হবে। একটি স্পোর্টিং পিচ হবে, যেখানে কেউ অতিরিক্ত সুবিধা পাবে না। এই ট্র্যাকে লাল মাটি বেশি থাকার মানে হলো এখানে কিছুটা বাউন্স থাকবে এবং ব্যাটাররাও সুবিধা পাবেন।’
ফাইনালের উইকেট প্রায় নতুনই। এই উইকেটে চলতি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ওভারে তুলেছিল ২১৩ রান। রান তাড়ায় যেতে পারেন ১৫৬ রানে থেমেছিল কানাডা।
আহমেদাবাদের এই মাঠে এবারের আসরে একটি ম্যাচই খেলেছেন মিচেল স্যান্টনাররা। গত ১৪ ফেব্রুয়ারি লাল মাটির উইকেটে সেই ম্যাচে কিউইদের সংগ্রহ ছিল ১৭৫ রান। যেই লক্ষ্য ১৭ বল হাত রেখেই টপকে যায় দক্ষিণ আফ্রিকা।
ফাইনালের ভেন্যু আহমেদাবাদে ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টে খেলেছে দুইটি ম্যাচ। গত ১৭ ফেব্রুয়ারি ১৯৩ রান তুলেছিল ভারত। ১৭ রানের জয় পায় সূর্যকুমার যাদবের দল। এর ৫ দিন পর সুপার এইটে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে প্রথম এবং টুর্নামেন্টের একমাত্র পরাজয়ের স্বাদ পায় ভারত। প্রোটিয়াদের করা ১৮৭ রানের জবাবে ১১১ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া।