পাবনা: পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিতে এক গৃহবধূ নিহতের ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও এখনও মামলা দায়ের হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সুজানগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) খঈম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর চায়না খাতুন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বিএনপির আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়নের রাফিউল ইসলাম রাজা গ্রুপের সাথে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের ইসলাম খাঁ গ্রুপের সাথে বিরোধ চলছিল। রোববার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। সোমবার সকালে ইসলাম প্রামানিক গ্রুপের লোকজন লাঠি সোটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিল। এমন সময় রাজা গ্রুপের লোকজন তাদের উপরে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। এ সময় গুলিতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।