Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা অ্যালেক্স হত্যা: ৬ আসামির ৪ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৭:০১ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:২৬

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা অ্যালেক্স ইমন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ছয় আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত নেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন সাঈদ হোসেন শিমুল (আইয়ুশ), তুহিন বিশ্বাস, রাব্বি কাজী, সুমন (পাখির পোলা সুমন), রানা এবং রাসেল (পিচ্চি রাসেল)। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সাধন কুমার মন্ডল। সেদিন আদালত তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

শুনানির সময় আসামিদের পক্ষে আইনজীবী শফিকুল ইসলামসহ অন্যরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল দুপুরে অ্যালেক্স ইমন তার শ্বশুরের পাঠানো খবরে বাসা থেকে মাছ আনতে বের হন। বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সদস্যরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের মা ফেরদৌসী মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর