Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমাদের সংস্কৃতিকে ধর্ম দিয়ে আলাদা করা যাবে না: ডিএসসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৭:০৫

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টানসহ সবাই মিলে একটা পরিবার। আমাদের মধ্যে এই পরিবারের বন্ধন যুগ যুগ ধরে ছিল। মাঝখানে কেউ কেউ সেটা ছিন্ন করার চেষ্টা করেছে এবং এখনও হয়তো করবে। কিন্তু আমাদের যে সংস্কৃতি-সাহিত্য, সেটাকে কখনও ধর্ম দিয়ে আলাদা করা যাবে না।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ‌’মহানগর পরিবার দিবস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, বাংলাদেশের মানুষ সব সময় ভাবে যে, ধর্ম যার যার কিন্তু দেশ আমাদের সবার। এই নীতিতে আমরা সবাই বিশ্বাস করি। আমাদের ধর্ম-দল আলাদা থাকতে পারে, তবে দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাকে আপনারা মেয়র হিসেবে নির্বাচিত করলে আমি আপনাদের পাশে সব সময় থাকবো। আপনাদের পরিবারের সদস্য হিসেবেই থাকবো। আপনাদের পাশে ঢাল-তলোয়ার হিসেবে দাঁড়াবো। এছাড়াও সিটি করপোরেশন সবসময় অফিসিয়ালি আপনাদের সঙ্গে থাকবে।

বিজ্ঞাপন

আব্দুস সালাম বলেন, আমাদের প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি শুধু বিএনপির নেতা নন, তিনি সবারই নেতা। তিনি বাংলাদেশের নেতা। তার কথাবার্তা এবং কাজের মধ্যে সেটা ফুটে উঠেছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কোনো ধর্মীয় গণ্ডিতে বাঁধা থাকা যাবে না। আজ বিশ্ব অর্থনীতিতে মন্দা চললেও আমাদের প্রধানমন্ত্রী সাহস হারাননি। তিনি সাহসের সঙ্গে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর