ঢাকা: বগুড়া পৌর ভবনে সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের ১৩তম নগর হিসেবে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশনের মর্যাদা পেল ঐতিহ্যবাহী বগুড়া। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পৌর ভবন প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ।
এর আগে, সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। সার্কিট হাউজে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি জজ কোর্ট প্রাঙ্গণে যান এবং জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। এরপর তিনি আদালতের বিচারিক কার্যক্রমে আধুনিকায়ন ও গতিশীলতা আনার লক্ষ্যে ই-বেইল বন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর (বগুড়া-৬) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার যাত্রা শুরু হয়েছিল। উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন এই পৌরসভাটির সমৃদ্ধ ইতিহাস রয়েছে। প্রায় ৩ দশমিক ৫ একর জায়গা জুড়ে বিস্তৃত ৪০০ বছরের ঐতিহাসিক বটগাছ এই শহরের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, এই শহরের জনসংখ্যা প্রায় ৪ লাখ। ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে ২১-এ উন্নীত করা হয়েছিল। তখন থেকেই বগুড়াকে সিটি কর্পোরেশন করার পরিকল্পনা থাকলেও গত দুই দশকে তা অধরাই থেকে গিয়েছিল। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে সেই দীর্ঘদিনের প্রতীক্ষিত দাবি পূরণ হলো।
উল্লেখ্য, বগুড়াকে যুক্ত করার ফলে দেশে এখন সিটি কর্পোরেশনের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে। এর আগে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন দেশের নগর উন্নয়নের নেতৃত্বে ছিল।