Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৬ ০৯:১০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তেহরানকে নতুন প্রস্তাব দেওয়ার জন্য আরও সময় দিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা ছিল। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ না থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির মেয়াদ কার্যত অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছি এবং অন্যান্য সব দিক থেকে প্রস্তুত থাকতে বলেছি। পাশাপাশি যুদ্ধবিরতি বাড়ানো হবে যতক্ষণ না ইরানের পক্ষ থেকে প্রস্তাব আসে এবং আলোচনা শেষ হয়।’

ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। দেশটির আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তেহরানের অবস্থান পরে জানানো হবে।

অন্যদিকে, ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়েছেন। এতে বুধবার ইসলামাবাদে নির্ধারিত আলোচনায় তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইসলামাবাদ আলোচনার মাধ্যমে এই সংঘাতের সমাধান খুঁজতে কাজ চালিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে এবং দ্বিতীয় দফার আলোচনায় একটি স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র প্রথমে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে লেবাননকে অন্তর্ভুক্ত করা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কারণে উত্তেজনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর