Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র হত্যা মামলা: আফজাল নাছের ৪ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেট
২৩ এপ্রিল ২০২৬ ১৬:২০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৭:৩০

ডিজিএফআই-এর সাবেক পরিচালক ও বহিষ্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছের – ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকার উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া এক ছাত্র হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার (অব.) মো. আফজাল নাছের ভূঁইয়া-কে ৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড আবেদন আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, আফজাল নাছেরসহ অজ্ঞাত আরও কয়েকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধ হয়ে মিছিলে হামলা চালান।

এ ঘটনায় মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তার মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়।

ঘটনার পর ভিকটিমের স্বজন উত্তরা পূর্ব থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ ভোরে আফজাল নাছের-কে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বিজ্ঞাপন

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
২৩ এপ্রিল ২০২৬ ১৭:৩০

আরো

সম্পর্কিত খবর