চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি সুয়াবিল ইউনিয়নে চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ভূজপুর থানা পুলিশ খবর পেয়ে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মইনুদ্দিনের বাড়ির উঠান থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. মামুন জানান, সকাল ৯টার দিকে পুলিশ তাকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে উঠানে যুবকের লাশ দেখতে পান। এ ঘটনায় বাড়ির মালিক মাইনুদ্দিন কাজের লোক সেলিমসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে নিহত যুবকের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে স্থানীয়রা ওই যুবককে রাতভর গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এতে সকালে তার মৃত্যু হয়।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইনুদ্দিনের ভাই, কাজের লোক ও প্রতিবেশীসহ চারজনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।