Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানতে ৭ দিনে মধ্যপ্রাচ্যের ১৬ ফ্লাইট বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৩:৩০ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৫:২৪

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সাত দিনে ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ এপ্রিল) বিমানবন্দরের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বহির্গমন ফ্লাইট, এয়ার আরাবিয়ার চারটি আগমন ও চারটি বহির্গমন ফ্লাইট এবং সালামএয়ারের দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধবিরতির পর শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক ধারায় ফিরছে। একই সঙ্গে চট্টগ্রাম-দোহা রুটে ফ্লাইট চলাচলও শুরু হয়েছে এবং দ্রুত এ রুটে পূর্ণাঙ্গ স্বাভাবিকতা ফিরবে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে এ পর্যন্ত মোট ৩৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সর্বশেষ ৭ দিনেই বাতিল হয়েছে ১৬টি ফ্লাইট।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে বলেন, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।