Sunday 26 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুলের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ০৯:৩১

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে বক্তব্য রেখেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন যা মোটেই সমীচীন নয় এবং অত্যন্ত দুঃখজনকও বটে। তার মত দায়িত্বশীল নেতার নিকট থেকে দেশবাসী এ ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আশা করে না। তার এই বক্তব্য অতীতের মত দেশকে সহিংসতা ও উস্কানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেবার ইঙ্গিত বহন করে।

বিজ্ঞাপন

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যেই মুহূর্তে দেশের ১৮ কোটি মানুষ এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে একদলীয় ফ্যাসিবাদী শাসকদের দেশ থেকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে জাতীয় সংসদের বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিভাবে নির্মূলের হুমকি দিয়ে বিএনপি মহাসচিব একদলীয় আওয়ামী ফ্যাসিবাদের সূরে কথা বলেছেন। তার এ বক্তব্যেই প্রমাণিত হচ্ছে যে, তারা জাতীয় সংসদের বিরোধীদলকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করে এ দেশে আবার একদলীয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছেন। সচেতন দেশবাসী মনে করে কোন দল বা ব্যক্তি যখন আদর্শ, যুক্তি ও নৈতিকতা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় ব্যর্থ হয়, কেবল তখনই এ ধরনের সন্ত্রাস ও সহিংসতার মত উস্কানিমূরক বক্তব্য দিয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই পরিচয় দেয়।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, অতীতের আওয়ামী ফ্যাসিবাদী শক্তি সাড়ে ১৭ বছর অন্যায়ভাবে অগণতান্ত্রিক ও সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মূল করতে পারেনি। সুতরাং আমি আশাকরি যে, এ ধরনের অপরিণামদর্শী বক্তব্য থেকে বিএনপি মহাসচিব বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখবেন। অতীতে জামায়াতে ইসলামীকে রাজনৈতিভাবে নির্মূল করতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদীরাই প্রত্যাখ্যাত হয়েছে। অনুরূপভাবে কেউ বা কোন দল জামায়াতে ইসলামীকে নির্মূল করার ষড়যন্ত্র করলে এ দেশের জনগণ তাদেরও একইভাবে প্রত্যাখ্যান করবে।

কাজেই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মূল করার হুমকি দিয়ে, ভয় দেখিয়ে কাবু করা যাবে না। এ ধরনের অগণতান্ত্রিক ও উসকানিমূলক ভাষা ব্যবহার করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ভাষায় কথা বলার জন্য আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর