Sunday 03 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ২০৭ বাংলাদেশি হজযাত্রী, আরও ১ মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১২:৩৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৫:০২

ছবি: সংগৃহীত।

ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৯৫টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩৮ হাজার ২০৭ বাংলাদেশি হজযাত্রী। অন্যদিকে আরও একজন হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন ৭ জন।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৯৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ হাজার ৫০৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪২টি, সৌদি এয়ারলাইন্সের ৩৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি।

বিজ্ঞাপন

সৌদি আরবে মারা যাওয়া ব্যক্তির নাম মো. শামসুল আলম (৬৩)। তার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শামসুল আলম সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। এটিই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু।

এ পর্যন্ত মারা যাওয়া হজযাত্রীর সাতজনই পুরুষ। এদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুজন মদিনায় মারা গেছেন। এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) মারা যান।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর