Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিএফআই-এর সাবেক পরিচালককে ফের ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

স্টাফ করেসপন্ডেট
২৯ এপ্রিল ২০২৬ ১৫:০১ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৬:০৭

ডিজিএফআই-এর সাবেক পরিচালক কর্নেল আফজাল নাছের ভূঁইয়াকে আদালতে নেওয়া হচ্ছে। 

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে অর্থায়নের অভিযোগে গ্রেফতার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক (অ্যাডমিন) অবসরপ্রাপ্ত কর্নেল আফজাল নাছের ভূঁইয়াকে আবারও রিমান্ডে নিতে চায় পুলিশ। এ লক্ষ্যে তার বিরুদ্ধে নতুন করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এ আবেদন দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

বিজ্ঞাপন

মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে দুই দফায় মোট ৬ দিনের রিমান্ডে নিয়ে আফজাল নাছের ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উন্মোচন বাকি রয়েছে। এ কারণেই তাকে পুনরায় রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ছাত্র আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডে অর্থ জোগানের সঙ্গে আফজালের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে। তার নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত, অর্থের উৎস ও লেনদেনের পথ অনুসন্ধান এবং মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা জরুরি।

এর আগে, গত ২৭ এপ্রিল চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। এরও আগে ২৩ এপ্রিল প্রথম দফায় ৪ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় একটি মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাহমুদুল হাসান (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত-মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছের ভূঁইয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকেই মামলার তদন্তের স্বার্থে তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বুধবার দুপুরে এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আদালতে তুলে ধরা হয়েছে। এখন এ বিষয়ে আদালতের আদেশের অপেক্ষা চলছে।