ঢাকা: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার (১ মে) বড় শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের বিশেষ গুরুত্ব হচ্ছে, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এটিই হবে প্রধানমন্ত্রী হিসেবে রাজধানীতে তার প্রথম জনসভা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি জানান, সমাবেশের সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং শ্রমিক দলের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করবেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে ইশতেহারে যা যা অঙ্গীকার করা হয়েছিল, তার সবগুলোই পালন করা হবে।’
তিনি বলেন, ‘শ্রমিকদের মজুরি বোর্ডের নিয়ম-কানুন অনেক সেক্টরে মানা হয় না কিংবা অনেক বছর ধরেই মজুরি বোর্ড অপরিবর্তিত রয়েছে। বোর্ডের কঠোর প্রয়োগ ও আইন প্রণয়নে সংশোধনের জন্য আমরা সরকারের সঙ্গে কথা বলব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফুসহ কেন্দ্রীয় নেতারা।