Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, ৮০ লাখ কোটি টাকা দেনা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৬:৪৪ | আপডেট: ২ মে ২০২৬ ১৭:১২

জিয়া পরিষদের প্রয়াত চেয়ারম্যান ডা. আবদুল কুদ্দুসের স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: জামায়াতের নেতৃত্বে ১১ দল দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন এই আন্দোলন করলে হবে না। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, ৮০ লাখ কোটি টাকা দেনা। কাজ করার কোনো অর্থ নাই। এখন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জিয়া পরিষদের প্রয়াত চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ডা. কুদ্দুস অত্যন্ত সৎ নির্ভীক এবং সাহসী একজন মানুষ ছিলেন। আমাদের দুর্ভাগ্য তাকে আমাদের মাঝে দীর্ঘ সময় রাখতে পারলাম না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি খুব কষ্ট পাই, সবখানে জিয়া পরিষদের দোকান খোলা হচ্ছে। দয়া করে দোকান খুলবেন না। বিএনপির অনেক অঙ্গ সংগঠন আছে। আর একটা দরকার নেই। আমাদের দরকার জিয়াউর রহমানের ওপর গবেষণা। সবচেয়ে বেশি খুশি হতাম যদি দেখতাম জিয়াউর রহমানের ওপর আপনারা গবেষণা করছেন। এই জাতির জন্য জিয়াউর রহমান কী ছিলেন- আমরা সেটা অনুধাবন করতে পারি না।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে তর্ক-বিতর্ক হওয়া ভালো, কিন্তু অপপ্রচার ভালো না। আমরা স্বাক্ষর করেছি, তখন বলেছিলাম যেসব বিষয় একমত না, সেগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছি। এখন অবলীলায় বলছে একমত না। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে আমরা কখনো একমত ছিলাম না। একটা ভুল ধারণা দেওয়া হচ্ছে- বিএনপি সংস্কার মানে না। কিন্তু বিএনপিই সবচেয়ে বেশি সংস্কার করেছে।

তিনি বলেন, সরকারের ভেতরে যেদিকে তাকাই অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি আর তদবির। এগুলো আগে ছিল না। ফ্যাসিস্ট সরকারের সময় চালু হয়েছে। অনেকে ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য তদবির করেন। এটা তার অপরাধ না, সিস্টেম হয়ে গেছে। সব জায়গায় এখন তদবির করা লাগে। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে দলাদলি না করে শিক্ষার দিকে নজর দেওয়ার আহবান জানান।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর