Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলাজট কমাতে মধ্যস্থতা কার্যক্রম জোরদার করা হবে: আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেট
২ মে ২০২৬ ১৯:৩৬

– ছবি : সংগৃহীত

ঢাকা: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের আদালতগুলোতে দীর্ঘদিন ধরে চলা মামলাজট কমাতে সরকার মধ্যস্থতা (মেডিয়েশন) কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। আইনগত সহায়তা অধিদফতরের মাধ্যমে এ কার্যক্রম বিস্তৃত করা হলে নতুন মামলা দায়েরের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

শনিবার (২ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘ন্যায়বিচার নিশ্চিত করতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কার্যক্রমে প্রক্রিয়াগত প্রতিবন্ধকতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারিক সক্রিয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি। মামলা অযথা দীর্ঘায়িত না করতে বিচারকদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, কার্যকর আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে দেশের সামাজিক বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি। আবেগ নয়, বরং গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই আইন হওয়া উচিত।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে সরকার সব ধরনের সহায়তা ও সুরক্ষা দেবে। অতীতে সৎ বিচারকদের ওপর অযৌক্তিক চাপের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ ধরনের প্রবণতা প্রতিহত করা প্রয়োজন।

বিচারব্যবস্থার বিভিন্ন প্রশাসনিক জটিলতার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, ছোটখাটো আমলাতান্ত্রিক বাধার কারণেই অনেক সময় বিচার কার্যক্রম বিলম্বিত হয়। এসব সমস্যা দূর করতে বিচারকদের ক্ষমতায়ন ও প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে আইনমন্ত্রী জানান, দেশে বর্তমানে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। যার মধ্যে প্রায় তিন লাখ মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতাভুক্ত। সীমিত সংখ্যক বিচারকের কারণে দ্রুত বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য বাজেট বৃদ্ধি করাও জরুরি।

সেমিনারে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। এতে আরও বক্তব্য রাখেন আইনগত সহায়তা অধিদফতরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ উম্মে কুলসুম।