ঢাকা: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর মার্চ–এপ্রিল মেয়াদের আমদানি বিল বাবদ ১ দশমিক ৫১ বিলিয়ন ডলার (প্রায় ১৫১ কোটি ৪০ লাখ ডলার) পরিশোধ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, আকুর এই বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা প্রভাব পড়বে। গত বুধবার পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। বিল সমন্বয়ের পর প্রকৃত রিজার্ভের নতুন চিত্র জানা যাবে।
এর আগে জানুয়ারি–ফেব্রুয়ারি সময়ে আকুর বিল বাবদ ১৩৬ কোটি ৮৭ লাখ ডলার পরিশোধ করা হয়। ২০২৫ সালের নভেম্বর–ডিসেম্বর সময়ে পরিশোধের পরিমাণ ছিল ১৫৩ কোটি ডলার। তার আগে সেপ্টেম্বর–অক্টোবর সময়ে ১৬১ কোটি ডলার, জুলাই–আগস্ট সময়ে ১৫০ কোটি ডলার এবং মে–জুন সময়ে রেকর্ড ২০২ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) গঠিত হয়। বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ—এই নয়টি দেশ এর সদস্য। সদস্য দেশগুলো নিজেদের মধ্যে আমদানি–রফতানি লেনদেন দুই মাস পর পর সমন্বয় করে থাকে।