Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবি’র সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

জাবি করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ০৮:৫৪

সাবেক উপাচার্য (ভিসি) ড. ফারজানা ইসলাম।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. ফারজানা ইসলাম ও তার স্বামী আখতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, ‘ফারজানা ইসলামের বিরুদ্ধে স্বামী-ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ-বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে অভিযোগ-সংশ্লিষ্ট ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট ক্রয় এবং বিপুল পরিমাণ অবৈধভাবে অর্জিত সম্পত্তি গোপন করার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ও তার স্বামী আখতারের মূল আয়কর স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদির সত্যায়িত অনুলিপি এবং প্রয়োজনে জব্দকরণের লক্ষ্যে আদালতের যথাযথ আদেশ একান্ত প্রয়োজন।’

বিজ্ঞাপন

শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর