ঢাকা: বর্ষা মৌসুম শুরু হওয়ার ফলে ধুলোবালি কিছুটা কমলেও রাজধানীর বায়ুমান পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। উল্টো গত কয়েকদিন ধরে দূষিত শহরের তালিকায় বারবার শীর্ষে উঠে আসছে ঢাকা।
শুক্রবার (৮ মে) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা।
আইকিউএয়ারের রিয়েল-টাইম র্যাঙ্কিং অনুযায়ী, ঢাকার পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ১৫৬। ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর (১৪৪) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৩৪)। এই শহরগুলোর বাতাসও বর্তমানে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ হলে তাকে ‘ভালো’ বলা হয়। তবে স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সেই বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকা বর্তমানে এই ক্যাটাগরিতেই অবস্থান করছে।
বিশেষজ্ঞদের মতে, বায়ুমান সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। বর্তমান পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা রোগীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। সাধারণ নগরবাসীকেও বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার এবং দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।