Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার ৬০৫ বাংলাদেশি হজযাত্রী

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১৩:২৬

‎ঢাকা: ‎পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ১২৪টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৮৫২ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন চার হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪৪ হাজার ৫৩৪ জন। আর এখন পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রী ১০ জন মৃত্যুবরণ করেছেন।

‎বৃহস্পতিবার (৭মে) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

‎জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২২ হাজার ৮১৯ জন, সৌদি এয়ারলাইনসের ৪৬টি ফ্লাইটে ১৭ হাজার ২৯২ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে আট হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

‎হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে আটজন পুরুষ এবং দুইজন নারী। তাদের মধ্যে মক্কায় আটজন ও মদিনায় দুজন মারা গেছেন। সবশেষ ঠাকুরগাঁও জেলার মোছা. নিলুফা বেগম (৫৭) ৪ মে মারা গেছেন । তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ বুলেটিনে।

‎এছাড়া আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ১৭ হাজার ৬৩৬ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১২ হাজার ৩৪২ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

‎সরকারি তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

‎গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে শুরু হবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর