ঢাকা: শেয়ার কারসাজি ও আইন ভঙ্গের অভিযোগে ফরচুন সুজ লিমিটেড-এর চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ পর্ষদের সংশ্লিষ্টদের মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ (বিএসইসি)।
বুধবার (১৩ মে) সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানায়, বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়া এবং লিস্টিং ফি পরিশোধ না করায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তি হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মিজানুর রহমান-কে সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া পরিচালক মো. আমানুর রহমান, রবিউল ইসলাম, সাবেক পরিচালক মো. খসরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমান-কে ৫০ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা জরিমানা করা হয়।
পরিচালনা পর্ষদের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা জামিল আহমেদ চৌধুরী-কে ১০ লাখ টাকা এবং সাবেক কোম্পানি সেক্রেটারি রিয়াজ উদ্দিন ভূঁইয়া ও বর্তমান সেক্রেটারি মো. নাজমুল হোসেন-কে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
কমিশনও আরও জানায়, আদেশ জারির পর ৩০ দিনের মধ্যে বকেয়া ৩ কোটি ৯৮ লাখ টাকার নগদ লভ্যাংশ এবং লিস্টিং ফি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে শেয়ার লেনদেনে কারসাজির দায়ে ২০২৪ সালের ডিসেম্বরেও কোম্পানিটির বিরুদ্ধে ৭৭ কোটি টাকার বড় অঙ্কের জরিমানার সিদ্ধান্ত হয়েছিল।