চট্টগ্রাম: ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচুত হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ শুধু বিতাড়িতই হয়নি, তারা বাংলাদেশের রাজনীতির দেউলিয়ায় পরিণত হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের হাজি ক্যাম্প এলাকায় পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একদিন আগেও তাদের জয়বাংলা বলার মুরদ ছিল না, একদিন পরেও নেই। জানাজার সময় যেখানে মানুষ শেষ যাত্রায় কলেমা পড়ে সেখানে ১০-২০টা ছেলে জয়বাংলা জয়বাংলা করে একটা কিছু প্রমাণ করতে চায়, একটা জিনিসই প্রমাণ করতে পারে সেটি হচ্ছে তারা শুধু বিতাড়িত হয়নি তারা বাংলাদেশের রাজনীতির দেউলিয়ায় পরিণত হয়েছে। আমরা চাই না রাজনৈতিক দেউলিয়াত্ত বাংলাদেশে থাকুক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার কোনো অংশ হোক। আমাদের লক্ষ্য হচ্ছে যেন আরো জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারি, দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি, সেই লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাবো।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের স্থপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যার জন্ম ইতিহাস পড়ার জন্য নয়, হয়েছিলো ইতিহাস সৃষ্টি করার জন্য। যার জীবন কেবল বেঁচে থাকার জন্য দেশের জন্য বিলিয়ে দেওয়ার জন্য। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ।’ তার সেই কালজয়ী উক্তি আজ বিশেষ করে মনে পড়ে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিএনপির দেশ গড়ার পরিকল্পনা ও বাস্তবায়ন করার নিরলস পরিশ্রম করতে দেখে।
প্রতিমন্ত্রী বলেন, তারই পবিত্র রক্তবাহী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে যে ধারণা ইতিমধ্যে সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন সেটিতো তার মরহুম পিতা শহিদ জিয়ারই মতাদর্শ। ইতিহাস বলে, পৃথিবীতে মহাপুরুষদের প্রায় সবাই ছিলেন ক্ষণজন্মা। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তেমনই একজন। তার শাহাদতের পর বাংলাদেশ সত্যিকার অর্থেই পথ হারায়। তবে আশার কথা, তারই উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পিতার দেখানো পথেই হেঁটে চলেছেন। দেশ এবং দেশের মানুষকে নিয়ে তার চিন্তা, পরিকল্পনায় রয়েছে নিখাদ দেশপ্রেম ও দূরদর্শিতার ছোঁয়া। মা মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশপন্থী রাজনীতির এই ধারকই যে আগামী দিনের কাণ্ডারী তা এখন আর ধারণা নয়, বরং এক অনিবার্য বাস্তবতা।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেকসহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
এতে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা, সাবেক সদস্য দিদারুর রহমান সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, নগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এমএ রাজ্জাক, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ বাহার।