ঢাকা: বিশ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের পুনঃইস্যু নিলাম অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১৯ মে)। এ নিলামের মাধ্যমে ১ হাজার কোটি টাকার অভিহিত মূল্যের ট্রেজারি বন্ড বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিলামে বিক্রি করা হবে ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের অবশিষ্ট ১৯ দশমিক ২৭ বছর মেয়াদি অংশ। বন্ডটির মূল ইস্যু তারিখ ২৭ আগস্ট ২০২৫ এবং মেয়াদপূর্তির তারিখ ২৭ আগস্ট ২০৪৫। এ বন্ডের কুপন হার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৩০ শতাংশ। বন্ডটির আইএসআইএন নম্বর হচ্ছে BD0945081208।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিলামটি হবে প্রাইস-ভিত্তিক। অর্থাৎ বিনিয়োগকারীরা প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে যে দামে বন্ড কিনতে আগ্রহী, সেই মূল্য উল্লেখ করে বিড দাখিল করবেন।
নিলামে সরাসরি অংশ নিতে পারবে শুধু সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার (পিডি) হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংকগুলো। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষে পিডি ব্যাংকের মাধ্যমে বিড জমা দিতে পারবে।
বিড দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১৯ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকে স্থাপিত ফিন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে বিড জমা দিতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের পূর্বানুমতি নিয়ে আগের মতো সিলগালা খামে ম্যানুয়াল পদ্ধতিতেও বিড জমা দেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যে প্রাইমারি ডিলার ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির কাছে পাঠানো হয়েছে।