Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে সৌদি প্রবাসী নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৮:২০

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামের এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে নয়টায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী নাসির সিকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী প্রায় আট বছর ধরে সৌদি আরবে থাকতেন। আটদিন আগে সৌদি থেকে গ্রামের বাড়িতে আসার পরই স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার ঝাগড়াঝাটি লেগেই থাকতো। গতকাল সন্ধ্যার পরে স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ সময় নাসির তাকে মারধর করে। এরপরে রাতে স্বামী-স্ত্রী ঘরেই ছিলেন। ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়ে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসীরা ওই বাড়িতে গিয়ে আঙিনায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন।

বিজ্ঞাপন

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।