ঢাকা: বিএনপিসহ ২৩টি রাজনৈতিক দলকে আগামী ১৩ জুনের মধ্যে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, নির্বাচনি ব্যয়ের হিসাব যেসব দল জমা দেয়নি, তাদেরকে ১৩ জুন পর্যন্ত সময় দিয়ে চিঠি দেয়া হয়েছে।
আইন অনুযায়ী নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম অনুযায়ী গত ১৩ মে’র মধ্যে মোট ২৭টি দল তাদের হিসাব জমা দেয়। অবশ্য শুরুতে নির্বাচন কমিশন থেকে ২৫টি দলের হিসাব জমার কথা জানানো হয়েছিল। এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্পষ্ট করেন যে, শেষ দিনের একদম শেষ মুহূর্তে আরও দুটি দল তাদের হিসাব জমা দিয়েছিল। সেই নথিগুলো শাখায় পৌঁছাতে কিছুটা দেরি হওয়ায় প্রাথমিকভাবে ২৫টি দলের প্রতিবেদন তৈরি করা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ২৭টি দল হিসেবে গণ্য করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বাকি ২৩টি দল এখনো তাদের ব্যয়ের হিসাব জমা দেয়নি।
হিসাব জমা না দেওয়া এই দলগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণফোরাম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণফ্রন্ট, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এই দলগুলোকেই আগামী ১৩ জুনের মধ্যে হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য ইসির পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।