Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাড়াশে পশুবাহী নসিমন উলটে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৩:৫৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কোরবানির পশুবাহী একটি নসিমন উলটে আয়নাল হক (৫৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বস্তুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল হক বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের বাসিন্দা ও বশির আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পশুর হাটগুলোতে এখন ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড় জমতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় শনিবার ভোরে কয়েকটি গরু নিয়ে চান্দাইকোনা পশুর হাটে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন আয়নাল হক। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় নসিমন চালিয়ে জীবিকা নির্বাহ করতেন এবং বিভিন্ন হাটে পশু পরিবহনের কাজ করতেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দিকে বস্তুল এলাকায় পৌঁছালে সড়কের একটি বড় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গরুবাহী নসিমনটি। এ সময় গাড়িটি হঠাৎ ভারসাম্য হারিয়ে সড়কের পাশে উলটে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই নসিমনের নিচে চাপা পড়েন চালক আয়নাল হক। ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালান। তবে নসিমনের ভারী অংশের নিচে আটকে থাকায় তাকে বের করতে কিছুটা সময় লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও ততক্ষণে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়দের অনেকেই জানান, আয়নাল হক একজন পরিশ্রমী ও সৎ মানুষ ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

এদিকে দুর্ঘটনার জন্য স্থানীয়রা সড়কের বেহাল অবস্থাকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংস্কারের উদ্যোগ নেয়নি। বর্ষা মৌসুম শুরু হওয়ায় গর্তগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

বারুহাস ইউনিয়নের ইউপি সদস্য মো. আব্দুল হান্নান বলেন, সকালে গরু নিয়ে হাটে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার বড় গর্তে পড়ে নসিমনটি উলটে যায় এবং চালক নিচে চাপা পড়ে মারা যান। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনজে