Wednesday 27 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি হলে বায়তুল মোকাররমে হবে ঈদের প্রধান জামাত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১৫:০৮

বায়তুল মোকাররম মসজিদ। ছবি : সংগৃহীত

ঢাকা: বৃহম্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষ্যে রাজধানী ঢাকার প্রধান ঈদ জামাতগুলোর সময়সূচি ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবছরের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। এই প্রধান জামাতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা অংশ নেবেন। তবে আবহাওয়া বৈরী থাকলে বা ভারী বৃষ্টিপাত হলে এই প্রধান জামাতটি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে।

জাতীয় ঈদগাহে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। জামাতকে সুশৃঙ্খল রাখতে মুসল্লিদের প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পৃথক পথ রাখা হয়েছে। পুরো মাঠে ১২১টি কাতার প্রস্তুত করা হয়েছে এবং একসাথে ১৪০ জনের ওজু করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এখানে প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়, যেখানে ইমামতি করবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। এরপর দ্বিতীয় জামাত সকাল ৮টায় ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খানের ইমামতিতে এবং তৃতীয় জামাত সকাল ৯টায় মুফতি মো. আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় অনুষ্ঠিতব্য চতুর্থ জামাতের দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং সর্বশেষ তথা পঞ্চম জামাতটি সকাল ১০টা ৪৫ মিনিটে জুবাইর আহাম্মদ আল-আযহারীর ইমামতিতে সম্পন্ন হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট ইমাম, মুকাব্বির ও মুসল্লিদের মসজিদে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।