Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৬ ১১:০১

ছবি: সারাবাংলা

ঢাকা: আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘আনমাস্কিং দ্য অ্যাপিল- কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন’। বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করে। তামাকজনিত রোগে দেশে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়, যা মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান চারটি কারণের একটি। ২০২৪ সালে তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা এই খাত থেকে সরকারের রাজস্ব আয়ের দ্বিগুণেরও বেশি। এছাড়া তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় ও কর্মক্ষমতা হ্রাসের আর্থিক ক্ষতি প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা।

বিজ্ঞাপন

তামাক চাষের ফলে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। বিশ্বের মোট তামাকের এক দশমিক তিন শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় এবং তামাক চাষের দিক থেকে বাংলাদেশ বিশ্বে ১৩তম অবস্থানে রয়েছে। টোব্যাকো অ্যাটলাসের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৩১ শতাংশ বন নিধনের জন্য তামাক চাষ দায়ী। বিশেষ করে কক্সবাজার ও বান্দরবানের তিনটি উপজেলায় তামাকপাতা শুকানোর কাজে বছরে প্রায় ৮৫ হাজার মেট্রিক টন জ্বালানি কাঠ পোড়ানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে ১৩ থেকে ১৫ বছর বয়সী অন্তত ৩ কোটি ৭০ লাখ কিশোর-কিশোরী তামাক ব্যবহার করে। কোম্পানিগুলো সুগন্ধিযুক্ত তামাকপণ্য, শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে পণ্যের সহজলভ্যতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে তরুণদের আসক্ত করে।

এই বিষয়ে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৮ শতাংশই তরুণ-তরুণী এবং তামাক কোম্পানিগুলো তাদেরই মূল লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে। তিনি বলেন, তামাক ও নিকোটিন আসক্তির ফাঁদ থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে হবে। ই-সিগারেট ও ভেপিংসহ নতুন প্রজন্মের সব ধরনের তামাকপণ্যের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসির গবেষণা অনুযায়ী, ২১ বছর বয়সের আগেই যারা তামাক গ্রহণ করে, তাদের মধ্যে আমৃত্যু নিকোটিননির্ভরশীলতা ও আসক্তির প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়।

সারাবাংলা/এফএন/এনজে