ঢাকা: বায়ুদূষণের তালিকায় আজ বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। রোববার (৩১ মে) সকাল ৮টা ৫৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) প্রকাশিত তথ্যে এমন চিত্র উঠে এসেছে। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমানে নবম অবস্থানে রয়েছে।
কিনশাসার দূষণ স্কোর ১৭৩, যা সেখানকার বাতাসকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করে। অন্যদিকে ঢাকার দূষণ স্কোর ১০৭। এই মাত্রার বাতাস মূলত সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয়। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ বা অ্যাজমার সমস্যা রয়েছে, তাদের জন্য ঢাকার বর্তমান বায়ুর মান ঝুঁকিপূর্ণ।
বায়ুর মান নির্ণয়ের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাতাস অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর ধরা হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।