Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ক্রীড়া ডেস্ক
১৩ জুন ২০২৬ ০৭:২৫

এর আগে মাত্র দুইবার বিশ্বকাপ খেলেছে কানাডা। একবারও পয়েন্ট পাওয়া হয়নি তাদের। এবার স্বাগতিক হিসেবে মাঠে নেমে প্রথম ম্যাচেই সেই কাঙ্ক্ষিত পয়েন্টের দেখা পেল কানাডা। পিছিয়ে পড়েও বসনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে কানাডা।

টরন্টোয় শুক্রবার রাতে বিশ্বকাপের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফিফা র‍্যাঙ্কিংয়ের হিসেবে প্রতিপক্ষের চেয়ে অনেকটাই এগিয়ে কানাডা (৩১তম), যেখানে বসনিয়ার অবস্থান ৬১তম। মাঠে বল দখলে রাখায় ও আক্রমণেও এগিয়ে ছিল তারা।

৬০ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ১৩ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে কানাডা, বসনিয়ার আট শটের তিনটি লক্ষ্যে ছিল।

বিজ্ঞাপন

খেলার বাড়তি সুবিধা নিয়ে ম্যাচের প্রথম ভালো সুযোগটিও পায় স্বাগতিক কানাডা। পঞ্চদশ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েছিলেন জোনাথন ডেভিড, কিন্তু গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন এই ফরোয়ার্ড।

এর ছয় মিনিট সেট পিসে গোল করে এগিয়ে যায় বসনিয়া। কর্নারে উড়ে আসা বল সতীর্থের মাথা ছুঁয়ে গোলমুখে পেয়ে হেডেই জালে পাঠান লুকিচ। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসনিয়া।

কানাডা ল্যারিনের নৈপুণ্য ও কিছুটা ভাগ্যের ছোঁয়ায় ৭৮তম মিনিটে সমতায় ফেরে। প্রমিস ডেভিডের ওয়ান টাচ পাস ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নেওয়ার মাঝেই শরীরটা ঘুরে শট নেন দুই মিনিট আগেই বদলি নামা ল্যারিন এবং সামনে একজনের গায়ে লেগে দিক পাল্টে বল জালে জড়ায়।

শেষ দিকে একটানা চাপ ধরে রাখে কানাডা। শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দেওয়া সুযোগও পান ল্যারিন, যদিও শেষ পর্যন্ত গোলরক্ষকের পরীক্ষাও নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

এর আগে দুইবার বিশ্বকাপ খেলেছে কানাডা, ১৯৮৬ ও ২০২২ আসরে। প্রতিবারই গ্রুপ পর্বে তিন ম্যাচ করে সবগুলোয় হেরে বিদায় নেয় তারা। তবে কাতারে একটি প্রাপ্তি ছিল তাদের, দেখা পায় বিশ্বকাপে প্রথম গোলের। আর এবার পেল প্রথম পয়েন্ট।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর