ঢাকা: ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি খাতের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠন ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ) এর ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে প্রকৌশলী মো. শেখ জামাল (আবির) আহ্বায়ক, প্রকৌশলী ফয়সাল আলম সোহেল সদস্য সচিব এবং প্রকৌশলী মো. আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. জসিম উদ্দিন মজুমদার ও ফারুক হোসাইন এবং একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, সহ-সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সম্পাদকসহ বিভিন্ন পদে ডিপ্লোমা প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুরসহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দফতর, প্রচার, অর্থ, ছাত্র-শিক্ষক কমিউনিটি, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক কার্যক্রমসহ বিভিন্ন বিভাগে পৃথক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ডিপ্লোমা প্রকৌশলী ও কারিগরি শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতেই এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।