Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে নিখোঁজ জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৩:০০

রাজবাড়ী: রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামে নিখোঁজ এক যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।

নিহত আসাদুল উপজেলার বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নূরুল ইসলাম।

জানা যায়, গত রোববার (১৪ জুন) দুপুরে আসাদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে ওইদিন রাতে কালুখালী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। এরপর সোমবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেন, আসাদুল কালুখালী জামায়াতে ইসলামীর সক্রিয় একজন কর্মী ছিলেন। গতকাল সোনাপুর হাঁটে যাওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিলো। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করা হয়। আজ সকালে একটি পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পাটক্ষেত থেকে নিখোঁজ আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার পর পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর