ঢাকা: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-র চেয়ারম্যান পদে নতুন নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন।
মঙ্গলবার (১৬ জুন) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মীর নাদিয়া নিভিনকে যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে আইডিআরএ-র চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
এর আগে, গত ২ মার্চ আইডিআরএর চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করেন। এরপর থেকে সংস্থাটির চেয়ারম্যান কে হচ্ছেন এই নিয়ে নানা গুঞ্জন ছিল বিমা খাতে। এরপর আইডিআরএর চেয়ারম্যান ও সদস্য নিয়োগ নিয়ে কর্তৃপক্ষ আইন সংশোধন করে গত ৫ মে তারিখে গেজেট প্রকাশ করা হয়। এই আইন সংশোধনের মাধ্যমে বয়সসীমা তুলে দেওয়া হলেও অভিজ্ঞতার শর্ত থাকে আগের মতোই।
জানা গেছে, নাদিয়া নিভিন অন্তর্বর্তী সরকারের ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন’-এর সদস্য ছিলেন। ২০২৫ সালের অক্টোবরে তিনি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নিরপেক্ষ পরিচালক হিসেবে যোগ দেন। নাদিয়া নিভিন ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টোতে মাস্টার্স করেন। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে জনপ্রশাসনে মাস্টার্স করেন।
নাদিয়া নিভিন কর্মজীবন শুরু করেন ২০০৭ সালের আগস্ট মাসে, ইউএনডিপির প্রোগ্রাম অফিসার হিসেবে। বাংলাদেশ সরকারের ‘এটুআই’ কর্মসূচিতেও কাজ করেন তিনি। নাদিয়া নিভিন আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করেন ২০০৯ সালে। প্রথম নিয়োগ পান জার্মানিতে। পরে নিউইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরে গ্লোবাল ইলেকশনস টিমের সদস্য হিসেবে কাজ করেন।
এছাড়াও তিনি ২০১৩ সালে নির্বাচন বিষয়ক প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে আফগানিস্তানে, পরবর্তীতে তিনি পাকিস্তানের সাবেক ফেডারেল শাসিত উপজাতীয় (ফাটা) অঞ্চল ও খাইবার পাখতুনখোয়ায় কাজ করেন। ২০১৮ সালে নাদিয়া নিভিন মালয়েশিয়ার নির্বাচন কমিশন, সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্নীতিবিরোধী নীতিনির্ধারণী সংস্থা এবং আরও অনেক জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন।