Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র প্রবাসী ৬ হাজার বাংলাদেশিকে স্মার্টকার্ড দিচ্ছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ২১:৫০

জাতীয় পরিচয়পত্র। ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে আবেদন মঞ্জুর হওয়া প্রায় ছয় হাজার নাগরিকের স্মার্টকার্ড প্রস্তুত করে তা সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সংস্থাটির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে এ পর্যন্ত মোট ১৬ হাজার ৭১৫ জন প্রবাসী এনআইডির জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে ১০ হাজার ৯৬৮ জনের আবেদন অনুমোদন করা হয়। অনুমোদিত আবেদনকারীদের মধ্যে যারা সাধারণ প্লাস্টিক কার্ডের জন্য আগ্রহী ছিলেন, তারা এরই মধ্যে অনলাইন থেকে তা সংগ্রহ করেছেন। বাকি ৫ হাজার ৮০৭ জনের জন্য উন্নত মানের স্মার্টকার্ড প্রিন্ট করা হয়েছে, যা শিগগিরই দূতাবাসের মাধ্যমে বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৪ হাজার ১৭০ জন, ওয়াশিংটনে ৪৩০ জন, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ৪৪২ জন এবং ফ্লোরিডার মায়ামিতে ৩৬৫ জন প্রবাসী এই স্মার্টকার্ড পাচ্ছেন। গতবছর এই চারটি অঞ্চলে দূতাবাসের মাধ্যমে এনআইডি কার্যক্রম শুরু করেছিল ইসি।

বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার তালিকা ও এনআইডি বিতরণ কার্যক্রম সচল রয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় এক লাখ প্রবাসী বাংলাদেশি এনআইডির জন্য আবেদন করেছেন, যার মধ্যে প্রায় ২০ হাজার নাগরিক এরই মধ্যে তাদের পরিচয়পত্র হাতে পেয়েছেন।

প্রবাসে বসে ভোটার হওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কিছু প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দূতাবাসের ডেস্কে জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, মেয়াদসহ বা মেয়াদহীন বাংলাদেশি পাসপোর্ট অথবা পরিচয়পত্রধারী তিনজন বাংলাদেশি নাগরিকের প্রত্যয়নপত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

তবে বিশেষ নিরাপত্তা ও যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলের বিশেষ ৫৬টি উপজেলা বা থানার নাগরিকদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু তথ্য ও প্রমাণাদি জমা দেওয়ার নিয়ম রাখা হয়েছে। এই অঞ্চলের আবেদনকারীদের বিশেষ তথ্য ফরম পূরণের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সনদ, পিতা-মাতার এনআইডি বা মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদ এবং নিজ এলাকার ইউটিলিটি বিলের কপি জমা দিতে হবে। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, টিআইএন সনদ, দ্বৈত নাগরিকত্ব সনদ, নিকাহনামা এবং স্বামী বা স্ত্রীর এনআইডিও জমা দিতে হবে।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর