Saturday 20 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৩:২৪

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২০ জুন) র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আলী আকবর (২৬)। তিনি সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জঙ্গল সলিমপুরে সংঘটিত বহুল আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবর ওই এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাবের ভাষ্য, সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় আলী আকবর তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি চলতি বছরের ২২ জানুয়ারি দায়ের করা হয়। র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।