Sunday 21 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৬:৪০ | আপডেট: ২১ জুন ২০২৬ ১৭:৪৩

মো. সারওয়ার আলম।

ঢাকা: সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারের পর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

গত বছরের ২১ আগস্ট সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলেন সারওয়ার আলম।

২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ছিলেন তিনি। ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

বিজ্ঞাপন

তিনবার বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। এর আগে তিনি বঞ্চিত হলে নিজের ক্ষোভ জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে অসদাচরণ হিসেবে গণ্য করে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’-এর শাস্তি দেয়। ২০২২ সালের মে মাসে তাকে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্প্রতি তিনি সিলেট শাহজালালের (রা:) মাজারের দানবাক্সের টাকা সরকারি কোষাগারে জমা করার নির্দেশনা দেন। মাজারের দান বাক্সের টাকা ব্যক্তিখাতে কেউ ব্যবহার করতে পারবে না মর্মে নির্দেশনা দেন। এতদিন দান বাক্সের টাকা কমিটির লোকজন ভাগ বাটোয়ারা করে আত্মসাৎ করে আসছিলেন। যদিও প্রত্যাহারের প্রজ্ঞাপনে তেমন কোনো কারণ উল্লেখ করা হয়নি।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর